ডেঙ্গু প্রতিরোধে নীলফামারী সরকারি কলেজ বিএনসিসির সচেতনতা র্যালি ও বৃক্ষরোপণ
নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্যোগে পরিবেশ সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী সচেতনতামূলক নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ডেঙ্গু সচেতনতামূলক র্যালি, ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ঔষধি বৃক্ষরোপণ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ক্যাডেটরা ক্যাম্পাসের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং মশার বংশবৃদ্ধি রোধে ড্রেন ও জমে থাকা পানি পরিষ্কারের ওপর জোর দেন। এর আগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঔষধি গুণাগুণ সমৃদ্ধ পরিবেশ তৈরিতে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জাতের ঔষধি বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. সিদ্দিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। তরুণ সমাজ তথা বিএনসিসি ক্যাডেটরা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করতে এগিয়ে এসেছে তা প্রশংসনীয়। তাদের এই উদ্যোগ ডেঙ্গুমুক্ত সুস্থ ক্যাম্পাস গঠনে বড় ভূমিকা রাখবে।”
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মো. গোলাম মোস্তফা চৌধুরী, উপাধ্যক্ষ, নীলফামারী সরকারি কলেজ।
মনিরা জেসমিন, সম্পাদক, শিক্ষক পরিষদ।
এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা এবং বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ ক্যাডেটদের এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।