মাগুরা শালিখায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে বিদেশ ভ্রমণ
জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ হেনায়ারা খানম এর স্বাক্ষর জালিয়াতি করে বিদেশ (ভারত) ভ্রমণের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক শিক্ষিকা ও সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুপকুমারী মন্ডল ভারতে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে উপজেলা শিক্ষা অফিসে জমা দেন। অভিযোগ রয়েছে, ওই কাগজপত্রে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর জাল করে অনুমোদন দেখানো হয়।
এ ঘটনায় সহকারী শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার রুমি এবং অফিস সহকারী সমীর কুমারের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। গোপন সূত্রে জানা যায়, তারা কৌশলে স্বাক্ষর নকল করে প্রয়োজনীয় অনুমোদন দেখিয়ে বিদেশ ভ্রমণের অনুমতি পেতে সহায়তা করেছেন।পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে যাচাই-বাছাইয়ের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারী আইন অনুযায়ী সরকারী কর্মকর্তা কর্মচারী বহিঃ গমনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার অনুমতি বাধ্যতামূলক। অফিসারের অনুমোদন ছাড়া এ ধরনের কোনো কাগজ বৈধ নয়। অথচ নিয়মকে পাশ কাটিয়ে জাল স্বাক্ষরের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে শিক্ষিকা রুপকুমারী মন্ডল জানান, তিনি ভারতে যাওয়ার অনুমতির জন্য উপজেলা শিক্ষা অফিসে আবেদন করেন। পরে অফিস সহকারী সমীর কুমারের সাথে যোগাযোগ করলে তিনি অনুমোদনের জন্য কিছু টাকা দাবি করেন। তিনি টাকা দেওয়ার পর অনুমতিপত্র পান। ভারত থেকে ফিরে এসে তিনি জানতে পারেন, তার অনুমতিপত্রে শিক্ষা অফিসারের স্বাক্ষর জাল করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ হেনায়ারা খানম বলেন, তার স্বাক্ষর জাল করে এমন কাজ সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। তিনি দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, ঘটনার তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি রোধে কাগজপত্র যাচাই-বাছাই আরও কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।