পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে সুন্দরগঞ্জে দপ্তরি কাম নৈশপ্রহরী গ্রেফতার
মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে সুমন সরদার (৩৭) নামে এক দপ্তরি কাম নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহরের মেসার্স সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন সরদার পৌরসভার থানাপাড়া এলাকার মৃত কামাল হোসেন সরদারের ছেলে। তিনি সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন সরদার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করে সেগুলো মজুদ রাখতেন এবং পরে বেশি দামে বিক্রি করতেন। শুক্রবার সকালে তিনি সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে একাধিকবার পেট্রোল সংগ্রহ করেন।
সন্ধ্যায় আবারও পেট্রোল নিতে গেলে সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, ফিলিং স্টেশনে প্রভাব বিস্তার এবং অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কালোবাজারে বিক্রির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।