গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ, আওয়ামী লীগসহ আটক ১১ জন
মোঃ হিফজুর রহমান , গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বৃহস্পতিবার দিনভর ও রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রাজনৈতিক কর্মী, নারী এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট ১১ জনকে আটক করেছে। গোমস্তাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৩ জন রাজনৈতিক কর্মী, ৩ জন মাদক মামলার আসামি এবং ৫ জন আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
আটক রাজনৈতিক কর্মীদের মধ্যে রয়েছেন গোমস্তাপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিন বিশ্বাস, ছাত্রলীগের সক্রিয় নেতা শাকিল এবং আওয়ামী লীগ কর্মী রুবেল। রাজনৈতিক অঙ্গনে পরিচিত এসব ব্যক্তির আটকের খবরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপরতা বাড়িয়েছে, তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি মাদকসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। বৃহস্পতিবার আটক হওয়া ১১ জনকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।