হাতিয়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আগমন, শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আগমন উপলক্ষে শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা হলরুমে আয়োজিত এ সভায় স্থানীয় মাদ্রাসা শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষা ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সুখচর আজহারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও হাতিয়া মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক।।
সভায় আরও বক্তব্য রাখেন হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও হাতিয়া মাদ্রাসা শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, চরকৈলাশ হাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও সমিতির সহ-সভাপতি মোহাম্মদ সামছুল হুদা এবং চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও সমিতির সদস্য মুহাম্মদ আশিকুর রহমান জোবায়ের প্রমুখ
বক্তারা মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন এবং আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে মাদ্রাসা শিক্ষায় সংস্কার ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ জরুরি।
তারা আরও আশা প্রকাশ করেন, বোর্ড চেয়ারম্যানের এ সফরের মাধ্যমে হাতিয়ার মাদ্রাসাগুলোর সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সভায় উপস্থিত শিক্ষকরা তাদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় হাতিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।