চট্টগ্রামের পতেঙ্গায় সাগরপথে ইয়াবা কারবার: ৫ লাখ পিসসহ ৯ জন গ্রেপ্তার, ৫ জন রোহিঙ্গা
নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। গ্রেপ্তারদের মধ্যে ৫ জনই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টা থেকে ১১টার মধ্যে একটি ফিশিং ট্রলারে এ অভিযান পরিচালনা করা হয়। পরদিন শনিবার (১১ এপ্রিল) দুপুরে চান্দগাঁও ক্যাম্প এ আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবার বড় চালান আসছে—এমন তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালানো হয়। এ সময় ট্রলারটির মাছ সংরক্ষণাগার থেকে ইয়াবাভর্তি তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে ৫০টি কার্ড পাওয়া যায়, যেখানে প্রতি কার্ডে ১০ হাজার পিস করে মোট ৫ লাখ ইয়াবা ছিল।
গ্রেপ্তার হওয়া রোহিঙ্গারা হলেন—উখিয়ার ১৫ নম্বর ক্যাম্পের সৈয়দ আলম (৪৫), ১০ নম্বর ক্যাম্পের সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০) ও মো. ইসমাইল (৪০)। এছাড়া আটক চার বাংলাদেশি হলেন মহেশখালীর শাহ আলম (৩৫), টেকনাফের আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) ও ছানাউল্লাহ (৫৭)।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।