হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার; শ্রেষ্ঠ শিক্ষক মোকছেদ আলী
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে
ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসা। একাধিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারের পাশাপাশি প্রতিষ্ঠানটি উপজেলার ‘শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা)’ এবং এর শিক্ষক ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ হওয়ার গৌরব অর্জন করেছেন।
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রেখেছে। এর মধ্যে মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী মো: আশিষ উর রহমান (খ গ্রুপ) কেরাত, কবিতা আবৃত্তি ও নাতে রাসুল (সা.)—এই তিনটি ভিন্ন ইভেন্টে প্রথম স্থান অধিকার করে উপজেলা পর্যায়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এছাড়া ‘গ গ্রুপ’ থেকে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় প্রথম হয়েছেন শিক্ষার্থী মো: সৈকত হোসেন।
শিক্ষক ক্যাটাগরিতেও প্রতিষ্ঠানটির দাপট অব্যাহত রয়েছে। ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মো: মোকছেদ আলী তার বিশেষ শিক্ষাদান পদ্ধতি ও একাডেমিক অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা)’ নির্বাচিত হয়েছেন। সামগ্রিক ফলাফল, অবকাঠামো ও শিক্ষার গুণগত মান বিবেচনায় উপজেলা প্রশাসন
ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসা-কে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেছে।
মাদ্রাসার এই ধারাবাহিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানান, “শিক্ষকদের নিষ্ঠা এবং শিক্ষার্থীদের পরিশ্রমের ফলেই আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি। আগামীতে জেলা ও বিভাগীয় পর্যায়েও আমরা এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাই।”
সাফল্যের এই সংবাদ ছড়িয়ে পড়লে লালমনিরহাট জেলার বিভিন্ন নিউজ পোর্টালে অভিনন্দন বার্তার জোয়ার বইছে।