এসএসসি পরীক্ষায় সিরাজগঞ্জে মোট ১২ টি কেন্দ্রে পরিক্ষা হচ্ছে।
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এবার অংশগ্রহণ করছে এসএসসি পরীক্ষায়
সিরাজগঞ্জে সারা দেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষা ঘিরে কেন্দ্রগুলোতে যেমন উৎসবমুখর পরিবেশ, তেমনি অভিভাবকদের মাঝে বিরাজ করছে উদ্বেগ ও উৎকণ্ঠা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, পরীক্ষার্থীরা হলে প্রবেশের পর বাইরে অবস্থান করছেন তাদের অভিভাবকেরা। অনেকেই সন্তানের সাফল্য কামনায় দোয়া করছেন, কেউবা উৎকণ্ঠায় অপেক্ষা করছেন পরীক্ষা শেষ হওয়ার জন্য। ভিক্টোরিয়া হাই স্কুল কেন্দ্রের সামনে এক অভিভাবক বলেন, “এই পরীক্ষার ওপরই অনেক কিছু নির্ভর করছে। সন্তান যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সেই দোয়া করছি।” সবুজ কানন স্কুল কেন্দ্রের সামনে আরেক অভিভাবক জানান, “সন্তান অনেক পরিশ্রম করেছে। এখন আল্লাহর ওপর ভরসা—সে যেন তার প্রাপ্য ফলাফল পায়।” শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৭১ হাজারের বেশি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সংশ্লিষ্টরা আশা করছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হবে।