পচারহাটে বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতা: মাদক ও কুসংস্কারমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার
আব্দুল হালিম ডিমলা উপজেলা প্রতিনিধি
০৩ জানুয়ারি, ২০২৬
নীলফামারীর ডিমলা উপজেলার পচারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ অত্যন্ত আনন্দঘন পরিবেশে ‘পচারহাট জনকল্যাণ সমিতি’র উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত জাতীয় শোকের কারণে গত ৩১শে ডিসেম্বর নির্ধারিত খেলাটি স্থগিত করা হয়েছিল, যা আজ ৩রা জানুয়ারি সফলভাবে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার নানা আয়োজন
আজকের দিনব্যাপী অনুষ্ঠানে সব বয়সী মানুষের জন্য ছিল আকর্ষণীয় সব আয়োজন। প্রতিযোগিতার মধ্যে উল্লেখযোগ্য ছিল:
শিশুদের আয়োজন: ছোট বাচ্চাদের দৌড় এবং মাঝারি শিশুদের জন্য বুদ্ধিদীপ্ত ‘অংক পরীক্ষা’।
যুবকদের লড়াই: কিশোর ও যুবকদের জন্য ছিল ঐতিহ্যবাহী ‘মোরগ লড়াই’, ‘সাইকেল রাউন্ড’ এবং টানটান উত্তেজনার ‘মোটরসাইকেল মিনিট দৌড়’।
নারীদের ইভেন্ট: স্থানীয় মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘বালিশ পাচার’ (বালিশ বদল) খেলা।
সিনিয়রদের অংশগ্রহণ: প্রবীণ বা মুরুব্বিদের জন্য ‘দৌড় প্রতিযোগিতা’ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জন্য ছিল ‘চেয়ার খেলা’।
মাদকমুক্ত সমাজ ও মেধার জয়গান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ রেজাউল ইসলাম মাস্টার (বিএনপি) বলেন,
”পচারহাট গ্রামটি একটি ধন্য গ্রাম। এই মাটিতেই জন্ম নিয়েছেন অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এবং শিক্ষক। আমরা চাই এই গ্রামের যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনতে। খেলাধুলার মাধ্যমেই আমরা দেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি।”
উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ, ডিমলা উপজেলার সভাপতি জনাব মোঃ মাসুদ রানা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান রাজ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক মহিলা দল নেত্রী মোছাঃ নুরজাহান পারভিন, প্রধান শিক্ষক জনাব আলমগীর কবির, প্রভাষক জনাব আখতারুজ্জামান খোকন, নীলফামারী সরকারি মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ নিরঞ্জন রায়সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং সদর ডিমলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাবু উৎপল সিংহ রায়।
পুরস্কার বিতরণ ও সমাপনী
বিকেল গড়িয়ে মাগরিবের আজানের আগে বিজয়ীদের হাতে আকর্ষণীয় সব পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপি (তাঁতি দল) নেতা জনাব মিজানুর রহমান সমাপনী বক্তব্যে সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠানটি সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন।