নীলফামারীতে জামায়াতের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি : শহিদুল ইসলাম
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা জামায়াতের অফিস আল-হেলাল একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চৌরঙ্গী মোড় হয়ে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক পদক্ষেপ নিতে হবে এবং নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে।” এছাড়া তিনি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতিতে নির্বাচন, ফ্যাসিবাদী শক্তির বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশ সংস্কারের দাবি জানান।
জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম বলেন, “ফ্যাসিবাদকে যারা সমর্থন করে তারা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে, কিন্তু জনগণ তাদের কোনো সুযোগ দেবে না।” তিনি আরও বলেন, প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। একই সঙ্গে তিনি জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন দাবি করেন।
জেলা সহকারী সেক্রেটারি আলফারুক আব্দুল লতিফ বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। তিনি আরও দাবি করেন, “ফ্যাসিবাদের লকডাউন জনগণ মেনে নেবে না। নতুন করে দেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে দেওয়া যাবে না।” তিনি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।