দিনাজপুরে আমবাড়ি বাজিতপুরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের আশঙ্কা
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমবাড়ি বাজিতপুর এলাকায় আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী নাইট কোচ ও বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অন্তত কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের আশঙ্কাও রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহনের কোচটি ঢাকাগামী ছিল, আর ট্রাকটি আসছিল গোবিন্দগঞ্জের দিক থেকে। মহাসড়কের উক্ত স্থানে অতিরিক্ত গতির কারণে দুই যানবাহন সজোরে মুখোমুখি ধাক্কা খায়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, আমবাড়ি থেকে বাজিতপুর পর্যন্ত মহাসড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে, যা নিয়ন্ত্রণে না আনায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
পুলিশ দুর্ঘটনায় জড়িত কোচ ও ট্রাক জব্দ করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।