প্রেমিকার স্বীকৃতি না পেয়ে বিষপান করে প্রেমিকের আত্মহত্যা
পাবনার সাঁথিয়ায় চাঞ্চল্যকর ঘটনা, প্রেমিকার বাড়ি থেকে উদ্ধার লাশ
নিজস্ব প্রতিবেদক | পাবনা | মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
পাবনার সাঁথিয়ায় প্রেমিকার স্বীকৃতি না পেয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে স্বপন প্রামাণিক (৪০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার একটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত স্বপন পাবনা সদর উপজেলার খয়েরসুতী গ্রামের ইমাম প্রামাণিকের ছেলে।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, স্বপনের সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সোমবার সকালে ওই নারীর স্বীকৃতি আদায়ের উদ্দেশ্যে স্বপন সরাসরি তার বাড়িতে যান। সেখানে প্রথমে নিজের হাত কেটে আত্মনিপীড়নের চেষ্টা করেন এবং একপর্যায়ে নিজের কাছে থাকা গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন।
স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।
এক স্থানীয় বাসিন্দা বলেন,
“আমি ঘটনাস্থলে গিয়ে দেখি স্বপন মাটিতে লুটিয়ে পড়েছে। পরে শুনি, সে প্রেমিকার বাড়িতেই গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেছিল।”
ঘটনার পর থেকে ওই প্রবাসীর স্ত্রী পলাতক রয়েছেন। এছাড়া স্বপনকে যে ক্লিনিকে নেওয়া হয়েছিল, ঘটনার পর সেটিও বন্ধ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,
“মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।