ভোলায় সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু
ভোলা প্রতিনিধি:নুরে আলম জিকো
ভোলায় সড়ক দুর্ঘটনায় মোঃ কবির (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত কবির ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আবুবক্করপুর এলাকার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে মোঃ কবির পাসপোর্ট সংক্রান্ত কাজে ভোলা যাওয়ার উদ্দেশ্যে নিজ এলাকার ডাউরী বাজার সংলগ্ন এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে রওনা দেন। পথিমধ্যে ডাউরী বাজারের কাছাকাছি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি দুর্ঘটনার শিকার হয়। এতে কবির গুরুতর আহত হন এবং স্থানীয়রা উদ্ধার করার আগেই তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, কবির শান্ত-স্বভাবের ও পরিশ্রমী একজন মানুষ ছিলেন। জীবিকার প্রয়োজনে তিনি পাসপোর্ট করতে ভোলা যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনা পুরো পরিবারকে শোকে ভেঙে দিয়েছে।
এদিকে, স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত সিএনজিটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
নিহত মোঃ কবিরের অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।