পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের পাইলিং কাজের উদ্বোধন
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৬ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার(১৬ এপ্রিল) নতুন এই ভবনের পাইলিং স্থাপন কাজের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি সংকটে থাকা এই বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৬ তলা বিশিষ্ট এই মেগা প্রকল্প হাতে নেওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
পিরোজপুর জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু সাঈদ বলেন, “শিক্ষার গুণগত মান বাড়াতে আমরা আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ৬ তলা ভবনটি নির্মাণ করছি। এটি জেলার শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত তদারকির মাধ্যমে আমরা কাজের গুণগত মান নিশ্চিত করছি।”
উক্ত পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃজহিরুল ইসলাম,পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বাবর তালুকদার প্রমুখ।
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন জানান, “বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় একটি আধুনিক রূপ পেতে যাচ্ছে। ষষ্ঠ তলা বিশিষ্ট এই ভবনটি জেলার অন্যতম নান্দনিক ও আধুনিক শিক্ষা কাঠামো হিসেবে গড়ে তোলা হচ্ছে।”
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম জানান, নির্ধারিত ড্রয়িং ও ডিজাইন অনুযায়ী অত্যন্ত গুরুত্বের সাথে পাইলিং কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে ৬ তলা এই ভবনের কাঠামো দৃশ্যমান হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বাবর তালুকদার জানান, “৬ তলা ভবনটি নির্মিত হলে কয়েক হাজার শিক্ষার্থীর ডিজিটাল ক্লাসরুম, আধুনিক ল্যাব ও লাইব্রেরি সংকটের স্থায়ী সমাধান হবে।”
বর্তমানে বিশালাকার হাইডোলিক মেশিনের সাহায্যে পাইলিং ভবনের পাইল ফাউন্ডেশন স্থাপনের কাজ চলছে। নতুন এই ভবনটি নির্মিত হলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় হবে দক্ষিণাঞ্চলের মধ্যে অন্যতম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।