নীলফামারীতে হুডখোলা গাড়িতে চড়িয়ে দুই মাদ্রাসা শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা
নীলফামারী প্রতিনিধি
নীলফামারী সদরের কানিয়ালখাতা দ্বি-মুখী দাখিল মাদ্রাসা’র দুই প্রবীণ শিক্ষককে হুডখোলা গাড়িতে চড়িয়ে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানিয়েছে মাদ্রাসা’র সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। দীর্ঘ কয়েক দশকের শিক্ষকতা জীবন শেষে মাদ্রাসা’র সহ সুপার শিক্ষক মোহাম্মদ আলী সিরাজী ও সিনিয়র শিক্ষক বাবু জাদব চন্দ্র রায় কে হুডখোলা গাড়িতে চড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
আজ সমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় মাদ্রাসা মাঠে মাদ্রাসা সুপার, ছাবেদ আলী’র সভাপতিত্বে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানিয়ালখাতা দাখিল মাদ্রাসার সভাপতি ড. মোহাম্মদ খায়রুল আনাম । বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সহ সভাপতি, মিজানুর রহমান, হামিদুল ইসলাম, আজিমউদ্দিন, সোলেমান আলী প্রমুখ।
বিদায়ী সহ-সুপার মোহাম্মদ আলী সিরাজী আবেগাপ্লুত হয়ে বলেন, আমি ১৯৮৬ সাল থেকে আমি এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছি। পাশাপাশি এই এলাকার মসজিদে বিনা পারিশ্রমিকে ৩৫ বছর ইমামতি করেছি। আজ সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী আমাকে, যেভাবে সম্মান দিয়ে বিদায় দিচ্ছে, তাতে আমি গর্বিত। এই ভালোবাসা আমার সারাজীবন মনে থাকবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের বিদায়বেলায় কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, চাকরির নিয়মে স্যারেরা অবসরে যাচ্ছেন, কিন্তু তাদের দিয়ে যাওয়া শিক্ষার আলো আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। তাদের অভাব কখনও পূরণ হবার নয়।