সংসদ ভবনের সামনে মানববন্ধন: জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
গণভোটের গণরায়ের ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর সংস্কার প্রস্তাব দ্রুত বাস্তবায়ন এবং ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে (সংসদ ভবনের সামনে) মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতাকর্মী, জুলাই আন্দোলনের যোদ্ধা, আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনের আয়োজক ছিল ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ ও ‘গণভোট বাস্তবায়ন নাগরিক কমিটি’। সহযোগিতায় ছিল ‘শহীদ এবং আহতদের ঐক্যবদ্ধ প্যানেল’। এছাড়াও ‘তারুণ্যের জুলাই’সহ বিভিন্ন সংগঠন ও জেলায় মানুষ এতে অংশগ্রহণ করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন রাষ্ট্রের দায়িত্ব এবং এ বিষয়ে বিলম্ব জনগণের প্রত্যাশার পরিপন্থী। তারা দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান।

‘তারুণ্যের জুলাই’-এর সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য কোনো দলীয় স্বার্থ নয়, বরং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন জরুরি।
বক্তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সংগঠন ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে।