সুজানগরে “শেকড়ের সন্ধানে” ইসলামিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
কাজী আলাউল হোসাইন জনি
উপজেলা প্রতিনিধি, সুজানগর
পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষ্যে সওতুস শাবাব বাংলাদেশ-এর উদ্যোগে তৃতীয় বার্ষিক “শেকড়ের সন্ধানে” ইসলামিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) সুজানগর উপজেলার ভাটিকয়া এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ইসলামিক জ্ঞান চর্চা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে ইসলামের মূল শিক্ষা ও ইতিহাস সম্পর্কে সচেতন করা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিকয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নূর মোহাম্মদ ও মাওলানা আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন ভাটিকয়া মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সওতুস শাবাব বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সওতুস শাবাব বাংলাদেশের সভাপতি খাজা মঈনুদ্দিন তামিম। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে ইসলামের সঠিক জ্ঞান ও আদর্শে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ গোলাম রাব্বী। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ইসলামের ইতিহাস, কুরআন-হাদিস, সাহাবীদের জীবন ও ইসলামী জ্ঞানভিত্তিক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের মেধা ও জ্ঞানের পরিচয় দেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে জানাতে এবং তাদের মাঝে ইসলামী চেতনা জাগ্রত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, প্রতি বছর রমজান মাসে সওতুস শাবাব বাংলাদেশ এই ইসলামিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আসছে, যা এলাকায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।