সময় টিভির সহযোগী প্রযোজক সজলের মরদেহ দাফন সম্পন্ন
মোঃ মুনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
সময় টেলিভিশনের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর কেন্দ্রীয় গোরস্থানে মরদেহ দাফন করা হয়। দাফনের আগে একই স্থানে জানাজায় অংশ নেন পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মীসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকার মগবাজারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩৮ বছর বয়সী সজল। জানা যায়, সকাল ৯টার দিকে কর্মস্থলে অসুস্থ হয়ে চিকিৎসা নেন তিনি। অফিসে ফিরে স্বাভাবিকভাবে কাজ করলেও পরে বাসায় উঠতে গিয়ে ফ্ল্যাটের দরজার সামনে অচেতন হয়ে পড়েন। প্রতিবেশীরা দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা সিপিআর দিলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকদের মতে, হাসপাতালে নেয়ার আগেই হৃদরোগে তার মৃত্যু ঘটে।

মাজহারুল ইসলাম সজল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০১৩ সালে সময় টেলিভিশনের প্রযোজনা বিভাগে যুক্ত হন। কর্মজীবনের শুরুতে তিনি রহনপুরে সাপ্তাহিক *গৌড় সংবাদ*–এর প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে বেশ কিছু প্রামাণ্যচিত্র নির্মাণে যুক্ত ছিলেন। ২০২৩ সালে তিনি চাঁপাইনবাবগঞ্জে সময় টিভির জেলা রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বাবা-মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী টাঙ্গাইলের একটি কলেজে কর্মরত, আর সজল ঢাকার বাসায় একা থাকতেন।