নিরাপদ সড়ক ও ৪ লেন বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে সনাকের মানববন্ধন
নীলফামারী প্রতিনিধি : মো. শহিদুল ইসলাম
১৯ নভেম্বর ২০২৫, বুধবার
সড়ক নিরাপত্তা ও সুশাসন নিশ্চিতকরণসহ সৈয়দপুর-নীলফামারী আঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীত করা এবং স্থায়ী ডিভাইডার স্থাপনের দাবিতে নীলফামারী চৌরঙ্গী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারী।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিনের দুর্ঘটনা রোধে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তারা সড়কে নৈরাজ্য, অনিয়ম এবং অব্যবস্থাপনা বন্ধে কঠোর নজরদারি ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়— সৈয়দপুর-নীলফামারী সড়কটি চার লেনে উন্নীতকরণ এবং স্থায়ী ডিভাইডার স্থাপন না হলে দুর্ঘটনা আরও বাড়তে পারে।
কর্মসূচিতে সনাকের সদস্যদের পাশাপাশি ইয়েস (ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট), এসিজি (অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন গ্রুপ), গ্রীন ভয়েসসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি শান্তিপূর্ণ র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত দাবি বাস্তবায়নের অনুরোধ জানান সংগঠনের নেতৃবৃন্দ।