রংপুরে শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে বেরোবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
ব্যুরো প্রধান, রংপুর
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রায় ঘোষণার খবর প্রচারিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। সেখানে অংশগ্রহণকারীরা মিষ্টি বিতরণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীও উপস্থিত ছিলেন।
মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন এবং শহীদ আবু সাঈদ চত্বর এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
বেরোবির শিক্ষার্থী ও শহীদ আবু সাইদের সহযোদ্ধা মো. রহমত আলী বলেন, “এই রায় আমাদের ছাত্র-জনতার দীর্ঘ সংগ্রামের বিজয়। আমরা চাই দ্রুততম সময়ে দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক।”
আরেক সহযোদ্ধা আহমাদুল হক আলবীর বলেন, “বাংলাদেশে যে নৃশংসতা ঘটানো হয়েছে, তার বিচার শুরু হলো আজকের রায়ের মাধ্যমে। আমরা আশা করি—দ্রুত রায় বাস্তবায়ন করা হবে।”
উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “জনগণের বিপরীতে গিয়ে যে ঘটনাগুলো ঘটানো হয়েছিল, তারই বিচার আজ পেলাম। এই রায় ভবিষ্যতের সরকার প্রধানদের জন্যও সতর্কবার্তা হিসেবে কাজ করবে।”