পঞ্চগড়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ
মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি
“বাঁচলে পরিবেশ, বাঁচবে দেশ; দুর্যোগ হবে নিরুদ্দেশ”—এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড় সবুজ আন্দোলনের উদ্যোগে পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলার জগদল নূর আক্তার বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সবুজ আন্দোলনের চেয়ারম্যান মোঃ রসুল বকস মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জর্জ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) এডভোকেট এম. এ. আব্দুল বারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী, পঞ্চগড় সবুজ আন্দোলনের মহাসচিব মোঃ রাশেদুল ইসলাম এবং বাপার আঞ্চলিক সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম জুয়েল। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশ বিপর্যয় ও জলবায়ু ঝুঁকি নিয়ে একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে বক্তারা পরিবেশ ধ্বংসের বিপদ, গাছ লাগানোর গুরুত্ব ও দূষণ নিয়ন্ত্রণে সমাজের ভূমিকা নিয়ে কথা বলেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজনের শেষপর্যায়ে অংশগ্রহণকারীদের হাতে তিনটি করে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। পরিবেশবান্ধব এই মহতী উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা।
একই দিন বিকেলে পঞ্চগড় সবুজ আন্দোলনের পক্ষ থেকে অসচ্ছল পরিবারের মাঝে শিক্ষা সামগ্রী, নতুন পোশাক এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মহাসচিব মোঃ রাশেদুল ইসলাম জানান, পরিবেশ সুরক্ষা ও মানবিক সহায়তার এ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।