পীরগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান গ্রেফতার
জামিয়ার রহমান রংপুর বিভাগীয় প্রধান
রংপুরের পীরগাছায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান (৫৪)–কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পীরগাছা উপজেলা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নিহত আঃ জব্বার সরকারের ছেলে মিজানুর রহমান বড় পানশিয়া এলাকার বাসিন্দা।
পীরগাছা থানা পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউনকে সফল করতে মাঠে সক্রিয় ছিলেন মিজানুর রহমান। তিনি সরকারবিরোধী প্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মোঃ সফিকুল ইসলাম আকন্দ এবং তার নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স। আটককৃতের বিরুদ্ধে পূর্বে পীরগাছা থানায় দায়ের করা মামলা নং ১৫, তাং ১৫-১১-২০২৪–এর আওতায় বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩/৩(ক) ধারাসহ দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩৮০/৫০৬(২)/১১৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারের পর মিজানুর রহমানকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।