উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫
নীলফামারী প্রতিনিধি : মো. শহিদুল ইসলাম
নীলফামারী, ১৪ নভেম্বর ২০২৫:
জেলার শিক্ষাঙ্গনে আজ যোগ হলো নতুন এক সাফল্যের গল্প। নীলফামারী কিশোরকণ্ঠ শহর শাখার উদ্যোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫। পরীক্ষায় অংশ নেয় মোট ৩৯১৮ জন শিক্ষার্থী, যা এ আয়োজনের প্রতি শিক্ষার্থীদের প্রবল আগ্রহ ও গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে।
পরীক্ষা পরিচালনার জন্য পুরো জেলায় মোট চারটি কেন্দ্র ব্যবহার করা হয়—এর মধ্যে তিনটি নীলফামারী সদর উপজেলায় এবং একটি সৈয়দপুর উপজেলায়। প্রতিটি কেন্দ্রেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক প্রাণবন্ত, উৎসবমুখর পরিবেশ।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলো ঘুরে দেখেন নীলফামারী-২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। এছাড়া শিক্ষাবিদ মো. আনোয়ারুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের মনোবল বাড়িয়ে দেন এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
পরীক্ষা জুড়ে সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।
নীলফামারী কিশোরকণ্ঠের চেয়ারম্যান মো. মাজেদুল ইসলাম এবং ভাইস-চেয়ারম্যান মো. সেলিমুদ্দিন জানান, “এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের বড় হওয়ার স্বপ্ন দেখায়। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আমাদের আরও বড় উদ্যোগ নেওয়ার অনুপ্রেরণা দিচ্ছে।”
শিক্ষা-উদ্দীপনা সৃষ্টিতে এই আয়োজন ভবিষ্যতে জেলার মেধাবী শিক্ষার্থীদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবাই আশা করছেন।