সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ বিএনপি নেতাকর্মী হত্যা মামলা:
শেখ হাসিনাসহ ৫৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
মোঃ সিমান্ত তালুকদার
উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও ছাত্রদল কর্মী সুমন শেখ হত্যার ঘটনায় দায়ের করা তিনটি পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৫৪৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ আদালত পরিদর্শক মো. রওশন ইয়াজদানি। নিহতদের পরিবারের পক্ষ থেকে—রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন, লতিফের বোন সালেহা খাতুন ও সুমনের বাবা গঞ্জের আলী বাদী হয়ে তিনটি পৃথক মামলা দায়ের করেছিলেন।
চার্জশিটে অভিযুক্তদের মধ্যে রয়েছেন—সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক সাবেক নেতাকর্মী।
মামলার এজাহার অনুযায়ী, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানো হয়। এতে জেলা যুবদলের সহ-সভাপতি রঞ্জু, বিএনপি কর্মী লতিফ ও ছাত্রদল কর্মী সুমন শেখ ঘটনাস্থলেই নিহত হন।
রঞ্জু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার প্রামানিক জানান, এ মামলায় ১৯৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্না ও সাবেক সচিব কবীর বিন আনোয়ারের নাম রয়েছে।
অন্যদিকে, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও ছাত্রদল কর্মী সুমন শেখ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফুল ইসলাম জানান, সুমন হত্যা মামলায় ১৭৬ জন এবং লতিফ হত্যা মামলায় ১৭৮ জনকে আসামি করে পৃথক চার্জশিট দাখিল করা হয়েছে। তিন মামলায় মোট ৫৪৯ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারাও।
তদন্ত কর্মকর্তাদের মতে, দীর্ঘ তদন্ত শেষে প্রাপ্ত প্রমাণ, সাক্ষ্য ও তথ্য-উপাত্তের ভিত্তিতেই চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।