প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক পলাতক
মোঃ জামিয়ার রহমান
জেলা প্রতিনিধি, নীলফামারী
নীলফামারীর ডোমার উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জহুরা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে কথিত প্রেমিক আশিকুর রহমান। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামে।
নিহত জহুরা বেগম ওই গ্রামের ওহিদুল ইসলামের স্ত্রী ও তিন সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বজলুর রহমানের ছেলে আশিকুর রহমান দীর্ঘদিন ধরে জহুরা বেগমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু জহুরা তাতে রাজি না হওয়ায় আশিকুর ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে আশিকুর রহমানকে প্রধান আসামি করে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, “গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয় এলাকায় এ ঘটনায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।