কালাইয়ে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন, ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার
মোঃ সুমন মন্ডল, জয়পুরহাট(কালাই) প্রতিনিধি:
শিশু-কিশোরদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি নতুন প্রজন্মকে উৎসাহিত করতে জয়পুরহাটের কালাইয়ে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২, ২০২৬’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ ক্রীড়া কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য জনাব তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশের একটি সম্ভাবনাময় উদ্যোগ। এর মাধ্যমে শিশু-কিশোরদের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, তাদের দক্ষতা যাচাই এবং প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আয়োজকরা মনে করেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা শিশু-কিশোরদের আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক। মাঠের সঙ্গে নতুন প্রজন্মের সম্পৃক্ততা বাড়লে তাদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলিও বিকশিত হবে। পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে সুরক্ষিত রাখতেও ক্রীড়াচর্চার গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই আয়োজনের মধ্য দিয়ে কালাইয়ের প্রত্যন্ত অঞ্চল থেকেও নতুন নতুন ক্রীড়া প্রতিভা উঠে আসবে এবং ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।