পর্দা নামলো লালমোহনের বহুল প্রতীক্ষিত আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের
চ্যাম্পিয়ন ফরাজগঞ্জ ইউনিয়ন
মীর শাহীন
স্টাফ রিপোর্টার
লালমোহন, ভোলা
ভোলার লালমোহন উপজেলার বীর বিক্রম স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। রোমাঞ্চকর ফাইনালে পেনাল্টির লড়াইয়ে ধলীগৌরনগর ইউনিয়নকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে ফরাজগঞ্জ ইউনিয়ন ফুটবল একাদশ।
রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই আক্রমণ–পাল্টা আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়েও সমতা ভাঙতে না পারায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। স্নায়ুচাপের এই লড়াইয়ে ফরাজগঞ্জের ফুটবলাররা দারুণ দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে জয় নিশ্চিত করে।
ফাইনাল ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের ছয়বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক পাট, পানি সম্পদ ও বাণিজ্যমন্ত্রী, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

দর্শক ও খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন,
“যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ভোলা-৩ এলাকায় ক্রীড়া সংস্কৃতি ধ্বংস করে যুবকদের মাদক ও অপরাধের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে রাখতে বিএনপি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”
ম্যাচ শেষে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে যারা পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান।
উৎসবমুখর পরিবেশে শেষ হওয়া এই আন্তঃইউনিয়ন টুর্নামেন্ট লালমোহনের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করেছে।