পঞ্চগড়ে সবুজ চা পাতার সর্বনিম্ন মূল্য ২৮ টাকা নির্ধারণ
মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে এখন থেকে প্রতি কেজি সবুজ চা পাতার সর্বনিম্ন মূল্য ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সবুজ চা পাতার মূল্য নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পঞ্চগড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার চা শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো—
প্রতি কেজি সবুজ চা পাতার সর্বনিম্ন মূল্য পূর্বের ২৫ টাকা থেকে বাড়িয়ে ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে চা চাষিদের নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তার সহযোগিতায় আগামী দুই মাসের মধ্যে সব চা চাষির বাধ্যতামূলক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
কোনো চা চাষি নিবন্ধন না করলে তিনি সরকারি সার পাবেন না। অনিবন্ধিত চাষিদের কাছ থেকে কোনো কারখানা সবুজ চা পাতা ক্রয় করতে পারবে না। এছাড়া অনিবন্ধিত চা চাষিদের কোনো ধরনের প্রশিক্ষণও প্রদান করা হবে না।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সবুজ চা পাতার কর্তন কার্যক্রম শেষ করতে হবে। এর পর কোনো কারখানা সবুজ চা পাতা ক্রয় করতে পারবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩১ ডিসেম্বরের পর উৎপাদিত সবুজ চা পাতা দিয়ে গ্রিন টি উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বাংলাদেশ চা বোর্ড প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবে।
পঞ্চগড়ের সবুজ চা পাতার মূল্য নির্ধারণী কমিটিকে বাংলাদেশ চা বোর্ডের অনুমোদন নিতে হবে। নীতিমালায় উল্লেখিত প্রেসক্রাইবড কমিটি গঠন করে তা বাংলাদেশ চা বোর্ডে প্রেরণ করতে হবে।
সভায় আরও জানানো হয়, পঞ্চগড়ের প্রায় ৫০০ কোটি টাকার চা শিল্প রক্ষায় জেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। চা চাষি, কারখানা মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে এই শিল্প রক্ষায় কাজ করার আহ্বান জানানো হয়।