শীতের হাওয়া বইতে শুরু – সিরাজগঞ্জে
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সকালের কুয়াশা ঘনীভূত, নদী–পাড় ও গ্রামীণ এলাকায় শীতের অনুভূতি বেশি
সিরাজগঞ্জে ঋতুর আমেজ বদলাতে শুরু করেছে। সোমবার ভোরে জেলার বিভিন্ন স্থানে তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে, যা শীতের আগমনী বার্তাকে আরও স্পষ্ট করে তুলেছে।
ভোরের দিকে কুয়াশা ঘন হতে দেখা যায়, বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলোতে শীতের তীব্রতা তুলনামূলক বেশি। সকালে স্কুল–কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষজনকে হালকা শীতের পোশাক পরতে দেখা গেছে। স্থানীয়রা বলছেন—গত সপ্তাহের তুলনায় শীত এখন বেশ খানিকটা অনুভূত হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন সিরাজগঞ্জে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। পরবর্তী ১৪ দিনের পূর্বাভাস অনুযায়ী, জেলার তাপমাত্রা ১৮ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।
এদিকে গ্রামীণ বাজারে গরম কাপড়ের কেনাবেচা বেড়েছে। ভোরবেলার হাট–বাজারে সবজির গায়ে জমছে শিশিরের আস্ত স্তর। কৃষি বিশেষজ্ঞদের মতে, শীতের এ আবহাওয়া মৌসুমি সবজির ফলনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
স্থানীয়দের শীতের অনুভূতি
স্থানীয়দের মুখেও শীতের আগমনী গল্প—
নজরুল ইসলাম (৪৩) বলেন,
“শীত পড়তে শুরু করেছে। এখনই মোটা কাপড় ব্যবহার করতে হচ্ছে, আর কয়েক দিন গেলে আরও বাড়বে।”
রুহুল আমিন (১৮) জানান,
“শীত পড়ে গেলো। ফজরের নামাজে শীতের পোশাক ছাড়া বের হওয়া যায় না। ফজর আর এশার সময় বেশ ঠান্ডা লাগে।”
আসলাম খান (১৯) বলেন,
“শীত পড়ে গেছে। এখন শীতের জামা পরেই থাকি। পরিবারসহ সবাই শীতটা ভালোভাবেই অনুভব করছি।”