জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. রিজাউল করিম
দৈনিক মানব বার্তা
পাবনা প্রতিনিধি
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে জাতীয় পর্যায়ে ইবতেদায়ি মাদরাসায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন পাবনার মো. রিজাউল করিম। তিনি পাবনা সদর উপজেলার ঐতিহ্যবাহী পাবনা কামিল মাদরাসার ইবতেদায়ি শাখার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান, শিক্ষার্থীদের মানোন্নয়ন ও সৃজনশীল শিক্ষা কার্যক্রমে বিশেষ ভূমিকার স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে।
রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনে গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. রফিকুল আবরার। তিনি শ্রেষ্ঠ শিক্ষক মো. রিজাউল করিমের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২ জন শিক্ষককে “জাতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক” হিসেবে সম্মাননা দেওয়া হয়, যার মধ্যে মো. রিজাউল করিম অন্যতম। এ অর্জনে তিনি বলেন, “এই স্বীকৃতি আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। এটি শুধু আমার নয়, পাবনা কামিল মাদরাসার প্রতিটি শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত সাফল্য।”
শিক্ষাক্ষেত্রে নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে মো. রিজাউল করিম এখন অনেক শিক্ষকের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।