নবনির্বাচিত কমিটির প্রথম উদ্যোগেই মানবতার নজির, পথদরিদ্রদের মাঝে খাবার বিতরণ
বরিশাল বিভাগীয় প্রধান : ইমন রহমান
মানবতার সেবায় এগিয়ে আসার প্রত্যয় নিয়ে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার নবনির্বাচিত কমিটির আয়োজনে পথদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। অদ্য ২১ আগস্ট (শুক্রবার) শহরের প্রাণকেন্দ্র মাছুমা খানম গলির মোড়সহ মহরে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার মধ্য দিয়ে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটির নবনির্বাচিত কমিটি।
আয়োজকরা বলেন, সমাজের প্রতিটি মানুষের মৌলিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হলে শুধু ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য নয়, বরং আশপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথাও ভাবতে হবে। সেই দায়িত্ববোধ থেকেই পথদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। খাবার বিতরণের সময় পথের অসহায় মানুষদের মধ্যে আনন্দ ও স্বস্তির অনুভূতি লক্ষ্য করা গিয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আমেনা খানম বলেন, মানবতার চেয়ে বড় কোনো পরিচয় নেই। সমাজে এমন অনেক মানুষ রয়েছেন, যাদের দিন কাটে অনিশ্চয়তা ও অভাবের সঙ্গে। তাদের কষ্ট হয়তো আমাদের চোখের আড়ালে থাকে, কিন্তু একজন মানুষের সামান্য সহযোগিতাও তাদের জীবনে একটুখানি স্বস্তি এনে দিতে পারে। তাই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।
তিনি আরও বলেন, “মানুষ মানুষের জন্য—এই চেতনাকে হৃদয়ে ধারণ করেই আমাদের পথচলা। একটি খাবারের প্যাকেট হয়তো খুব বড় কোনো সম্পদ নয়, কিন্তু একজন ক্ষুধার্ত মানুষের কাছে এটি হতে পারে একবেলা স্বস্তি, একটুখানি ভালোবাসা এবং মানবিকতার উষ্ণ স্পর্শ। আমরা চাই, আমাদের এই ছোট্ট উদ্যোগ সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করুক।”
আমেনা খানম সমাপ্তি বক্তব্যে বলেন, সংগঠনের নবনির্বাচিত কমিটি শুধু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেই থেমে থাকতে চায় না। মানুষের কল্যাণে বাস্তবভিত্তিক ও ধারাবাহিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে একটি মানবিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। সমাজের দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার দপ্তর সম্পাদক মরিয়ম আক্তার (ফারিয়া) তার বক্তব্যে বলেন, মানবিক কাজের জন্য বড় আয়োজন কিংবা বিপুল অর্থের প্রয়োজন হয় না; প্রয়োজন একটি ভালো মন, মানুষের প্রতি দায়িত্ববোধ এবং সহযোগিতার মানসিকতা। সমাজে একজন মানুষ অন্য একজন মানুষের পাশে দাঁড়ালে সেই ছোট ছোট সহযোগিতাই একসময় বড় মানবিক শক্তিতে পরিণত হয়। তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ চাই, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে আর অন্যরা তা দেখেও নির্বিকার থাকবে—এমনটা যেন না হয়। একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন। আজকের এই খাবার বিতরণ শুধু খাবার দেওয়ার আয়োজন নয়; এটি মানুষের প্রতি মানুষের ভালোবাসা, দায়িত্ববোধ ও সহমর্মিতার বহিঃপ্রকাশ।”
সমাধান সম্পাদক নাছরিন আক্তার ও মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা আইবি বলেন, মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার নবনির্বাচিত কমিটি আগামী দিনগুলোতে আরও বিস্তৃত পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেবে। পথদরিদ্রদের মাঝে খাবার বিতরণ, অসহায় মানুষের সহযোগিতা, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, দুর্যোগকালে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে কাজ করবেন। তিনি আর-ও বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি দিনের কর্মসূচি পালন করা নয়; বরং মানুষের দুঃখ-কষ্টকে নিজেদের দায়িত্বের অংশ হিসেবে গ্রহণ করা। মানবতার বন্ধন নামের যে বন্ধন আমরা তৈরি করেছি, তা যেন মানুষের বিপদের দিনে আশ্রয় হয়ে দাঁড়ায়—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা বলেন, মানুষের জন্য কাজ করার মধ্যে যে আত্মতৃপ্তি রয়েছে, তা অন্য কোনো অর্জনের সঙ্গে তুলনা করা যায় না। সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজ থেকে অনেকটাই কমে আসবে বৈষম্য ও মানবিক সংকট। খাবার বিতরণ শেষে সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে মানবিক ও সামাজিক কার্যক্রমে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার নবনির্বাচিত কমিটির এই উদ্যোগের সময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি Ntv অনলাইনের ভোলা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজ, The Economist-এর ভোলা জেলা প্রতিনিধি তানজিল হোসেন, দৈনিক প্রভাতি বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান (ইমন) সহ নিজাম উদ্দিনসহ প্রমূখ।