জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত
সামিনুর ইসলাম
নীলফামারী প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে নীলফামারীর জলঢাকা উপজেলার ৭নং মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক জিয়ারুল ইসলাম জিয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। একই সাথে উক্ত ইউনিয়নের আহবায়ক কমিটিও বিলুপ্ত ঘোষণা করেছে জলঢাকা উপজেলা শ্রমিক দল।
বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০২৬) জলঢাকা উপজেলা শ্রমিক দলের আহবায়ক আমিনুর রহমান এবং সদস্য সচিব ইউনুছ আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ আগস্ট ২০২৬ মীরগঞ্জ কুলি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শ্রমিক দলের সভাপতি নূর আলম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান। এছাড়াও জলঢাকা উপজেলা শ্রমিক দল ও স্থানীয় বিএনপির একাধিক শীর্ষ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
উক্ত সভায় জেলা ও উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে মীরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদককে লাঞ্ছিত ও অপমানিত করেন জিয়ারুল ইসলাম
জিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের আচরণ সংগঠনের তীব্র দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।
এরই প্রেক্ষিতে অলঢাকা উপজেলা শ্রমিক দলের সিদ্ধান্ত অনুযায়ী, জিয়ারুল ইসলাম জিয়াকে চূড়ান্তভাবে দল থেকে বহিষ্কার এবং মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত জিয়ারুল ইসলাম জিয়ার সাথে কোনো প্রকার সাংগঠনিক বা দলীয় যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তির অনুলিপি অবগতির জন্য নীলফামারী জেলা শ্রমিক দলের সভাপতি/সাধারণ সম্পাদক, ৭নং মীরগঞ্জ ইউনিয়ন বিএনপি, স্থানীয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জলঢাকা প্রেস ক্লাবে পাঠানো হয়েছে