কালাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মোঃ সুমন মন্ডল, জয়পুরহাট প্রতিনিধি:
জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর)সকাল১১টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’। কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে মেয়েদের মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরতে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ। এ সময় কন্যাশিশুদের নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ বন্ধ এবং মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।