দক্ষিণ আইচায় মা ইলিশ শিকার বন্ধ: কর্মহীন অলস সময় পার করছেন ভোলার উপকূলীয় জেলেরা
এ কে এম নুর আলম এস কে
দক্ষিণ আইচা, চরফ্যাশন, ভোলা | ১২ অক্টোবর ২০২৬
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের ঘোষণা অনুযায়ী চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই অবরোধ আগামী ২২ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ে ইলিশসহ সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় ভোলার দক্ষিণ আইচা অঞ্চলের জেলের সম্প্রদায়ের মানুষ অলস ও কর্মহীন সময় পার করছেন।
জাতীয় অর্থনীতিতে ইলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলিশ আমাদের জাতীয় সম্পদ, যা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। ইলিশের বংশবৃদ্ধি এবং প্রজনন নিরাপদ করতেই মূলত সরকারের এই কঠোর নিষেধাজ্ঞা।
তবে নিষেধাজ্ঞা চলাকালীন জীবিকা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন উপকূলের হাজার হাজার জেলে পরিবার। স্থানীয় মাঝি-মাল্লারা জানিয়েছেন, এই অবরোধের সময়ে সরকারিভাবে পর্যাপ্ত সাহায্য-সহযোগিতা পেলে তাদের পরিবারের খাবারের সংকট কেটে যেত। কিন্তু সহযোগিতা না পেলে সন্তানদের তিন বেলা আহার জোগাতে হিমশিম খেতে হয় এবং পরিবার নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাতে হয়।
ভুক্তভোগী জেলেদের দাবি, অবরোধকালীন সময়ে যেন তাদের জন্য নিয়মিত খাদ্য সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। যাতে পরিবার-পরিজন নিয়ে তাদের অনাহারে বা অর্ধাহারে দিন কাটাতে না হয়। উপকূলীয় জেলে সম্প্রদায়ের জীবনমান বিবেচনা করে অবরোধ সময়ে বিকল্প কর্মসংস্থানের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন তারা।