ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারীর
দৈনিক মানব বার্তা
ফরিদপুর প্রতিনিধি
বাওনকান্দা কলাতলা এলাকায় দ্রুতগামী অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন নারী (বয়স প্রায় ৩৫) নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা-ঢাকা মহাসড়কের বাওনকান্দা কলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী অজ্ঞাত যানবাহন ওই নারীকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পথচারীরা মহাসড়কে লাশ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এবং বিষয়টি শিবচর হাইওয়ে থানা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এলাকাবাসীরা জানান, গত কয়েকদিন ধরে ওই নারীকে এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং এলাকায় আশ্রয়হীনভাবে অবস্থান করছিলেন।
ভাঙ্গা থানা পুলিশের এক কর্মকর্তা জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।