লালমনিরহাটে ড্রাম ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, আহত ১
জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের চাপায় পিপলু মিয়া (সাবেক সেনা সদস্য) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মমিনের গ্যারেজ এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিপলু মিয়া আদিতমারী উপজেলার কসালতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি ভাদাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন। দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে মোটরসাইকেলে ছিলেন আমিনুল ইসলাম।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ড্রাম ট্রাকটি চালক ও তাঁর সহযোগীসহ আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জেলা পুলিশের তথ্য অনুযায়ী, আজকের এ মৃত্যুসহ ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত লালমনিরহাটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি দাঁড়িয়েছে ৫২ জনে। এর মধ্যে ২০২৫ সালে ২৪ জন এবং ২০২৬ সালে এ পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন।
ক্রমাগত সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দুর্ঘটনা কমাতে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের দক্ষতা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।