বাংলা কিউআর বাস্তবায়নে অগ্রণী ব্যাংক জয়পুরহাট অঞ্চলের রোড শো
প্রতিনিধি জয়পুরহাট..
‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার উদ্যোগের অংশ হিসেবে বাংলা কিউআর (QR) বাস্তবায়নের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি’র জয়পুরহাট অঞ্চলের উদ্যোগে রোড শো অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনায় জয়পুরহাট অঞ্চল ও এর অধীন নয়টি শাখায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট শহরে এ রোড শো অনুষ্ঠিত হয়। ‘এক দেশ, এক কিউআর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা ও নগদবিহীন লেনদেন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।
রোড শোতে অগ্রণী ব্যাংক জয়পুরহাট অঞ্চলের অঞ্চলপ্রধান মোঃ জুলফিকার আলী আকন্দের নেতৃত্বে আঞ্চলিক কার্যালয় ও জয়পুরহাট শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তারা শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করেন। পরে রোড শোটি অগ্রণী ব্যাংকের জয়পুরহাট শাখায় গিয়ে শেষ হয়।
এ সময় জয়পুরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান মোঃ সামসুল আলমসহ আঞ্চলিক কার্যালয় ও শাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অন্যদিকে, জয়পুরহাট অঞ্চলের অধীন অন্যান্য শাখাগুলোও নিজ নিজ ক্যাচমেন্ট এলাকায় শাখা ব্যবস্থাপকদের নেতৃত্বে পৃথকভাবে রোড শোর আয়োজন করে।
রোড শো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অঞ্চলপ্রধান মোঃ জুলফিকার আলী আকন্দ বলেন, বাংলা কিউআর বাস্তবায়নে গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সরকার ঘোষিত ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশব্যাপী নগদবিহীন লেনদেন আরও সম্প্রসারিত হবে এবং সাধারণ মানুষ সহজে ডিজিটাল লেনদেনের সুবিধা গ্রহণ করতে পারবেন।
সেলিম হোসেন রুবেল
জয়পুরহাট