চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন
নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার প্রস্তাব নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি প্রশস্ত ও আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত প্রস্তাবটি সেতুমন্ত্রী অনুমোদন দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগ আরও সহজ ও দ্রুততর করতে দীর্ঘদিন ধরেই মহাসড়কটি সম্প্রসারণের দাবি ছিল। যানজট নিরসন, দুর্ঘটনা হ্রাস এবং অর্থনৈতিক কার্যক্রম গতিশীল করতে ৪ লেনে উন্নীতকরণ অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রস্তাবটি অনুমোদনের ফলে এখন প্রকল্পের বিস্তারিত নকশা প্রণয়ন, সম্ভাব্যতা যাচাই ও বাজেট নির্ধারণের কাজ শুরু হবে। পরবর্তীতে একনেক সভায় অনুমোদন সাপেক্ষে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা হবে বলে জানা গেছে।
স্থানীয় জনগণ ও পরিবহন সংশ্লিষ্টরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, দ্রুত বাস্তবায়ন হলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যাতায়াত হবে আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময় সাশ্রয়ী।