নীলফামারীতে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ইমামদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
(নীলফামারী জেলা প্রতিনিধি):
নীলফামারীতে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ইমামদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা মডেল মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসন, নীলফামারীর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপপরিচালক মোছাদ্দিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান । সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন নীলফামারী কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী।আলোচনা সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মসজিদভিত্তিক ধর্মীয় আলোচনা ও জুমার খুতবার মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ইমামবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।বিশেষ অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানান। তিনি মাদকের ক্ষতিকর দিকগুলো মসজিদে বয়ান ও ধর্মীয় আলোচনার মাধ্যমে মুসল্লিদের সামনে তুলে ধরার জন্য তাঁদের প্রতি উদাত্ত আহ্বান জানান।সভায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।