মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে প্রাণহানি: এম.ভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ এর রুট পারমিট বাতিল
ভোলা জেলা প্রতিনিধি : ইমন রহমান
ঘন কুয়াশার কবলে পড়ে মেঘনা নদীতে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষে ৪ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA)। দুর্ঘটনার প্রাথমিক দায় স্বীকার করে এম.ভি জাকির সম্রাট-৩ এবং এম.ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চ দুটির রুট পারমিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
গত ২৫ ডিসেম্বর দিবাগত রাত ২টার পর চাঁদপুরের হাইমচর সংলগ্ন হামিদচর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় লঞ্চ দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানিয়েছেন, নৌপথে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না। দুর্ঘটনার পরপরই লঞ্চ দুটির রুট পারমিট বাতিল করা হয়েছে।
এছাড়া নৌ পুলিশ ঝালকাঠি ঘাট থেকে ‘এম.ভি অ্যাডভেঞ্চার-৯’ এবং সদরঘাট থেকে ‘এম.ভি জাকির সম্রাট-৩’ লঞ্চ দুটিকে জব্দ করেছে।
জিজ্ঞাসাবাদের জন্য অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের চারজন স্টাফকে আটক করেছে পুলিশ।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বর্তমানে নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাকবলিত লঞ্চ দুটি পরিদর্শন করছেন এবং উদ্ধার কাজ ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।