প্রয়োজন গ্রুপ ধ্বংসের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মব সৃষ্টি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে গ্রাহক ও উদ্যোক্তাদের তীব্র নিন্দা
মীর শাহীন
স্টাফ রিপোর্টার, ভোলা ॥
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আলোচিত নারী উদ্যোক্তা পিংকি আক্তার পরিচালিত প্রয়োজন গ্রুপ ধ্বংসের উদ্দেশ্যে মব সৃষ্টি করে হামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ নভেম্বর (বুধবার) বিকেলে দক্ষিণ আইচা বাজারে প্রয়োজন সমবায় সমিতির গ্রাহকদের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন হয়। এতে সমিতির শতাধিক গ্রাহক ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
সমিতির গ্রাহকরা সাংবাদিকদের বলেন, “আমরা কয়েক বছর ধরে প্রয়োজন সমবায় সমিতিতে এফডিআর ও জিপিএস করে নিয়মমাফিক মুনাফা ও ঋণ গ্রহণ করে আসছি। কিন্তু গত ১ নভেম্বর একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে প্রয়োজন গ্রুপের পরিচালক পিংকি ম্যাডামের বিরুদ্ধে অপপ্রচার চালায় ও মব সৃষ্টি করে প্রতিষ্ঠানটিতে হামলা চালায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে পরিচালক পিংকি আক্তার জানান, “আমার প্রতিষ্ঠানের গ্রাহকরা নিয়মিত তাদের আমানতের মুনাফা পাচ্ছেন। সম্প্রতি একটি গ্রুপ চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে আমার প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে গেছে এবং সিসি ক্যামেরা খুলে নিয়েছে। আমি এ বিষয়ে থানায় জিডি করেছি।”
তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন জানিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান—অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে।