আজ বিশ্ব ডায়াবেটিস দিবস: “ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ: সুস্থ জীবনের চাবিকাঠি”
প্রতিবছর ১৪ই নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’। ১৯২১ সালে বিজ্ঞানী স্যার ফ্রেডেরিক বেন্টিং এবং চার্লস বেস্ট যৌথভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জীবন রক্ষাকারী হরমোন ইনসুলিন আবিষ্কার করেন। ডায়াবেটিস রোগীদের জন্য যা ছিল এক অভাবনীয় আশীর্বাদ। এই ঐতিহাসিক আবিষ্কারের অন্যতম মূল রূপকার স্যার ফ্রেডেরিক বেন্টিং-এর জন্মতারিখ ১৮৯১ সালের ১৪ নভেম্বর। তাঁর এই যুগান্তকারী অবদানকে স্মরণ ও সম্মান জানাতেই আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (IDF) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে ২০০৬ সালে জাতিসংঘ এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। বর্তমানে বিশ্বের প্রায় ১৬৫টিরও বেশি দেশে অত্যন্ত গুরুত্বের সাথে এই দিবসটি পালিত হয়।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তথ্য ও বিভিন্ন গবেষণা অনুযায়ী,আমাদের দেশের প্রাপ্তবয়স্ক (২০ থেকে ৭৯ বছর বয়সী) জনসংখ্যার একটি বড় অংশ—প্রায় ১৩.২% থেকে ১৪.২% মানুষ—ডায়াবেটিসে আক্রান্ত কিংবা ঝুঁকিতে রয়েছে।
দিবসটির মূল লক্ষ্য:
ডায়াবেটিস রোগ সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টি করা।
ডায়াবেটিসের কারণ,লক্ষণ, জটিলতা এবং প্রতিকার সম্পর্কে সঠিক তথ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণে উদ্বুদ্ধ করা।
ডায়াবেটিস কেন হয়?
আমাদের শরীরে অগ্ন্যাশয় (Pancreas) থেকে ‘ইনসুলিন’ নামক হরমোন তৈরি হয়, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। কোনো কারণে যদি শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়, তখন রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। একেই ডায়াবেটিস বলা হয়।
রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা ও প্রি-ডায়াবেটিস:
রক্তে শর্করার মাত্রা পূর্ণাঙ্গ ডায়াবেটিস পর্যায়ে পৌঁছানোর আগে অনেক সময় মানুষ ‘প্রি-ডায়াবেটিস’ (Pre-diabetes) বা ডায়াবেটিসের পূর্ববর্তী ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে। এটি এমন এক অবস্থা যখন রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, কিন্তু তা পূর্ণাঙ্গ ডায়াবেটিস হিসেবে চিহ্নিত করার মতো অতটা বেশি নয়। সঠিক জীবনযাত্রার মাধ্যমে প্রি-ডায়াবেটিস অবস্থাকে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব।
পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে (খালি পেটে – কমপক্ষে ৮ ঘণ্টা না খেয়ে):
স্বাভাবিক মাত্রা: ৫.৬ mmol/L বা এর কম।
প্রি-ডায়াবেটিস (ঝুঁকিপূর্ণ মাত্রা): ৫.৭ থেকে ৬.৯ mmol/L পর্যন্ত।
ডায়াবেটিস: ৭.০ mmol/L বা তার বেশি।
খাবার ২ ঘণ্টা পর:
স্বাভাবিক: ৭.৮ mmol/L বা এর কম।
প্রি-ডায়াবেটিস: ৭.৯ থেকে ১০.৯ mmol/L পর্যন্ত।
ডায়াবেটিস: ১১.১ mmol/L বা তার বেশি।
গর্ভবতী মায়েদের ক্ষেত্রে: খালি পেটে ৫.১ mmol/L-এর কম থাকাকে স্বাভাবিক ধরা হয়।
র্যান্ডম সাধারণত ৮.৫ বা এর কম
ডায়াবেটিস হওয়ার প্রধান কারণসমূহ:
১.অস্বাস্থ্যকর জীবনযাপন: অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, ফাস্টফুড ও কোমল পানীয় গ্রহণ এবং কায়িক পরিশ্রমহীন অলস জীবন কাটানো।
২.বংশগত কারণ বা জেনেটিক্স: পরিবারে বাবা-মা বা নিকটাত্মীয়দের (যেমন ভাই-বোন) ডায়াবেটিস থাকলে জিনগত বা বংশগত কারণে ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। পরিবারের কারো এই রোগ থাকলে শরীরের ইনসুলিন উৎপাদন বা এর কার্যক্ষমতা প্রভাবিত হতে পারে, যা পরবর্তীতে ডায়াবেটিসে রূপ নেওয়ার বড় শঙ্কা তৈরি করে।
৩.স্থূলতা বা অতিরিক্ত ওজন: শরীরের অতিরিক্ত ওজন ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে দেয়।
৪.মানসিক চাপ ও অপর্যাপ্ত ঘুম: অতিরিক্ত দুশ্চিন্তা এবং অনিয়মিত জীবনযাত্রা হরমোনের ভারসাম্য নষ্ট করে।
প্রতিকার ও করণীয়:
ডায়াবেটিস একবার হলে সাধারণত পুরোপুরি সারে না, তবে এটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এর প্রধান প্রতিকারগুলো হলো:
সুষম খাবার গ্রহণ: প্রতিদিনের খাদ্যতালিকায় ফাইবার বা আঁশযুক্ত খাবার, শাকসবজি এবং মৌসুমী দেশি ফল রাখতে হবে। অতিরিক্ত মিষ্টি, চিনিযুক্ত খাবার ও তেল-চর্বি বর্জন করা উচিত। খাবারে অতিরিক্ত আলগা লবণ পরিহার করা জরুরি।
নিয়মিত শারীরিক পরিশ্রম: দিনে অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা, হালকা ব্যায়াম বা শারীরিক পরিশ্রম ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দারুণ কার্যকর।
ওজন নিয়ন্ত্রণ: শরীরের ওজন উচ্চতা অনুযায়ী নিয়ন্ত্রণে রাখা জরুরি।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা: বিশেষ করে যাদের বংশে ডায়াবেটিসের ইতিহাস আছে, তাদের নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করা উচিত।
এছাড়া ধূমপান ও মাদকের ব্যবহার ডায়াবেটিসের ঝুঁকি এবং এর জটিলতা বহুগুণ বাড়িয়ে দেয়, তাই এগুলো বর্জন করতে হবে।
ডায়াবেটিস মানেই জীবন থেমে যাওয়া নয়। সঠিক সময়ে রোগ নির্ণয়, প্রি-ডায়াবেটিস অবস্থাতেই সতর্ক হওয়া, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং নিয়মিত শৃঙ্খলার মধ্যে থেকে একে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখে একটি সুস্থ, সুন্দর ও কর্মক্ষম জীবনযাপন করা সম্ভব।
এ,এম,এ ইমরান
এরিয়া ম্যানেজার
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি