লামায় প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিচার চেয়ে ম্রো জনগোষ্ঠীর মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি: মোঃ আবু বক্কর সিদ্দিক
বান্দরবানের লামা উপজেলার ২৮৫নং সাঙ্গু মৌজার শত শত ম্রো জনগোষ্ঠী প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকালে ফাঁসিয়াখালী ইউনিয়নের সাঙ্গু মৌজায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে ম্রো জনগোষ্ঠী প্রশাসনের প্রতি অপমানজনক মন্তব্য ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্মারকলিপিতে বলা হয়, বহু বছর ধরে মারাইতং পাহাড় এলাকায় ম্রো জনগোষ্ঠী তাদের পূর্বপুরুষের জমিতে বসবাস ও জুমচাষ করে আসছে। অথচ উঃ উইচারা ভিক্ষু ও তৈন মৌজার হেডম্যান মংক্যনু মার্মা ধর্মকে ব্যবহার করে ওই ভূমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সময় তারা স্থানীয় জনগণকে ভয়ভীতি ও চাঁদার দাবিতে হয়রানি করে আসছেন বলে অভিযোগ তোলা হয়।
এ ঘটনায় পূর্বে লামা থানায় অভিযোগ এবং পরবর্তীতে আদালতে মামলা দায়ের হলে তদন্তে প্রশাসন ভাঙচুর ও লুটপাটের ঘটনার সত্যতা পায়। এরপরও অভিযুক্ত পক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় ভূমিতে স্থাপনা নির্মাণ ও পর্যটন বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি প্রশাসন বিরোধীয় জমি পরিমাপ ও মৌজা সীমানা নির্ধারণের উদ্যোগ নিলে উঃ উইচারা ভিক্ষু ও মংক্যনু মার্মা গং প্রশাসনের কাজে বাধা দেয়ার জন্য উস্কানিমূলক কর্মসূচি গ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের বিরোধিতা করে বিভ্রান্তি ছড়ানো এবং সম্প্রীতি বিনষ্টের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। তারা প্রশাসনের কাছে অনুরোধ জানান, দ্রুত সীমানা নির্ধারণ ও বিরোধপূর্ণ ভূমির শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে।
এ সময় বক্তৃতা করেন সাঙ্গু মৌজার হেডম্যান চংপাত ম্রো, বাংলাদেশ ম্রো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তনয়া ম্রোসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত ম্রো জনগোষ্ঠী জোরালোভাবে দাবি জানায় — ধর্মের নামে ভূমি দখল ও প্রশাসনের বিরুদ্ধে উসকানিমূলক কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।