লামায় কোরআন তালিমের অনুষ্ঠানে হামলা: শিবির সভাপতি সহ আহত ৫
মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় কোরআন তালিমের একটি ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ২নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেউলারচর জামে মসজিদে এই হামলায় শিবির সভাপতি সহ পাঁচজন নেতাকর্মী আহত হন।
স্থানীয়রা জানান, মসজিদে শিশু-কিশোরদের কোরআন শিক্ষা নিয়ে চলমান অনুষ্ঠানের মধ্যে হঠাৎ করে একদল দুর্বৃত্ত হামলা চালায়। তারা কোনো পূর্বাবাস ছাড়াই ঢুকে মারধর শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার খবর পেয়ে লামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাত ৯টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন সরেজমিনে গিয়ে মসজিদ কমিটি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তিনি সুষ্ঠু তদন্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লামা উপজেলা শাখার আমির মাওলানা কাজী ইব্রাহীম। তিনি এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।