রায়গঞ্জে ধানগড়া বাসস্ট্যান্ড ও পুরাতন বাজারে পাবলিক টয়লেট স্থাপনের দাবি
মো: সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ।
রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাসস্ট্যান্ড ও পুরাতন বাজার এলাকায় জরুরি ভিত্তিতে পাবলিক টয়লেট স্থাপনের দাবি উঠেছে। স্থানীয়দের মতে, প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ধানগড়া বাজারে আসেন। কিন্তু ওই এলাকায় কোনো পাবলিক টয়লেট না থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়।
এ কারণে অনেকেই বাধ্য হয়ে নদীর পাশে বা খোলা জায়গায় জরুরি কাজ সম্পন্ন করেন।
এতে পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। স্থানীয়দের দাবি, এখনও অনেক মানুষ ওই নদীর পানি ব্যবহার করেন এবং সেখানে গোসলও করেন, তাই বিষয়টি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
এ বিষয়ে রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ আশিকুর রহমান (প্লাবন) বলেন, ধানগড়া বাসস্ট্যান্ড ও পুরাতন বাজারে একটি করে পাবলিক টয়লেট স্থাপন করা অত্যন্ত জরুরি। তিনি বিষয়টি মাননীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক, রায়গঞ্জ উপজেলার ইউএনওসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।