ফুলতলা উপজেলার নির্বাহী কর্মকর্তার বিদায় বার্তা
মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান পদোন্নতি ও বদলিজনিত কারণে অন্যত্র যোগদানের পূর্বে আবেগঘন বিদায় বার্তা দিয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) নিজের শেষ কর্মদিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি ফুলতলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদায় জানান।
তাসনীম জাহান তার বিদায় বার্তায় বলেন,
“কালের হিসেবে ২ বছর ৪ মাস হয়তো তেমন দীর্ঘ কোনো সময় নয়। তবে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে এতটুকু সময়ও অর্থবহ হয়ে উঠতে পারে। এ বিষয়টি আপনাদের এ ঐতিহ্যবাহী জনপদে চাকরি করার সৌভাগ্যক্রমে খুব ভালোভাবে উপলব্ধি করেছি।”
তিনি আরও বলেন,
“সরকারের প্রত্যেকটি কাজে উপজেলাবাসীর অকুণ্ঠ সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেয়েছি। গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালোকাজের প্রশংসা করার মাধ্যমে কিভাবে একজন কর্মকর্তাকে উৎসাহিত করতে হয়, তা আপনাদের কাছ থেকে শিখেছি।”
প্রাণপ্রিয় সহকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন,
“যদি কোনো সফলতা থেকে থাকে, তা সম্পূর্ণ আপনাদের কৃতিত্ব। আর সকল ব্যর্থতার দায় পুরোটাই আমার ব্যক্তিগত।”
পরিশেষে নবাগত নির্বাহী কর্মকর্তার প্রতি ফুলতলাবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন,
“আপনারা একইভাবে নতুন ইউএনওকে ভালোবাসবেন ও সমর্থন করবেন, যেন তিনি আপনাদের আস্থা ও সহযোগিতা নিয়ে ফুলতলাকে আরও উন্নত ও সমৃদ্ধ জনপদে পরিণত করতে পারেন।”
তাসনীম জাহান শেষ করেন এই শুভকামনায়—
“ভালো থাকুক ফুলতলা, ভালো থাকুক ফুলতলার জনগণ।”
উল্লেখ্য, তাসনীম জাহান দায়িত্ব পালনকালীন সময়ে ফুলতলা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, সামাজিক সচেতনতা ও নারী উন্নয়নসহ বিভিন্ন খাতে ইতিবাচক ভূমিকা রাখেন, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়।