নীলফামারীতে টানা বৃষ্টিতে কৃষিতে বিপর্যয়, ধান-সবজি ক্ষেত পানির নিচে
জেলা প্রতিনিধি, নীলফামারী
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা চার দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় নীলফামারী জেলায় ব্যাপক ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে। চলতি মৌসুমের আমন ধানসহ শীতকালীন সবজি এখন বিপদের মুখে।
মাঠজুড়ে দেখা গেছে, আধপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে, গাছের ডগা ফেটে গেছে এবং অনেক ক্ষেত এখনো পানির নিচে তলিয়ে আছে। এতে ধানের গোড়া পচে যাওয়ার ঝুঁকি বাড়ছে। কৃষকরা বলছেন, এ অবস্থায় ফলন ঘরে তোলা অনিশ্চিত হয়ে পড়েছে।
জেলা কৃষি বিভাগের তথ্যানুসারে, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার নিচু এলাকার ফসল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডিমলার কৃষক মোছাদ্দেক হোসেন বলেন,
“ধান প্রায় পেকে গিয়েছিল, কয়েকদিন পরই কাটার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টিতে সব গাছ মাটিতে পড়ে গেছে। এখন পানি না নামলে ফলন ঘরে তোলা কঠিন হয়ে যাবে।”
অন্যদিকে ডোমারের কৃষক আব্দুল করিম বলেন,
“বছরভর পরিশ্রমের ফল হাতছাড়া হতে বসেছে। এই বৃষ্টি আমাদের সব আশা শেষ করে দিল।”
শুধু ধান নয়, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, পেঁয়াজ ও আলু ক্ষেতেও দেখা দিয়েছে ক্ষতির আশঙ্কা। দীর্ঘসময় পানি জমে থাকলে এসব ফসলের শিকড় পচে যেতে পারে বলে মনে করছে কৃষকরা।
নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান বলেন,
“নিম্নচাপের কারণে জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে। কিছু ধান ও সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের দ্রুত পানি নিষ্কাশন ও নুয়ে পড়া গাছ বাঁধার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষতি কিছুটা সামাল দেওয়া সম্ভব।”
এদিকে জেলা কৃষি অফিস জানিয়েছে, মাঠপর্যায়ে কর্মকর্তারা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসন প্রণোদনা প্রদান করা হলে তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন।