দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত
মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সোনাডাঙ্গা বাস টার্মিনালে এক বর্ণাঢ্য ট্রাফিক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে মোটরযান চালক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, পুলিশ সদস্য ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।
র্যালি শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, “ইজিবাইক চালকরা স্বল্প আয়ের মানুষ, তাদের উপার্জনে পরিবার নির্ভরশীল। একজন চালক যেমন একটি পরিবারের প্রতিনিধি, তেমনি তার গাড়ির যাত্রীরাও আরও কয়েকটি পরিবারের প্রতিনিধি। তাই রাস্তায় চলার সময় সামান্য অসাবধানতা বা অসর্তকতা বহু পরিবারের জীবনে অন্ধকার ডেকে আনতে পারে। সকলকে নিয়ম মেনে চলতে হবে—এভাবেই আমরা খুলনাকে একটি নিরাপদ ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে পারব।”
তিনি আরও জানান, “নিরাপদ শহর ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে এ কর্মসূচি আজ ২টি স্থানে শুরু হয়েছে এবং আগামী ৮ দিনে পর্যায়ক্রমে আরও ৮টি স্থানে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে চালক, যাত্রী ও পথচারীদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করে তোলা এবং নিরাপদ সড়ক ব্যবহারের বার্তা পৌছে দেওয়া হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ, সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) জনাব মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব খোন্দকার হোসেন আহম্মদ, পুলিশ সদস্যবৃন্দ, সিএনজি ও ইজিবাইক চালক এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
র্যালিটি নগরজুড়ে ট্রাফিক শৃঙ্খলা ও নিরাপদ সড়ক গড়ার আহ্বানে মুখর হয়ে ওঠে।