জামালগঞ্জে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রচারে মাঠ সেমিনার অনুষ্ঠিত
মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আগামীর বাংলাদেশ বিনির্মাণে ওয়ার্ড পর্যায়ের কৃষক, শ্রমিক, মহিলা প্রতিনিধি, ইমাম-মুয়াজ্জিন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, মৎস্যজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফার ভাবনা ও প্রচারের লক্ষ্যে “শীর্ষক মাঠ সেমিনার” অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার উদ্যোগে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ভীমখালী বাজারে এই মাঠ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভীমখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রইস আলী তালুকদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শাহিনুর রহমান শাহিন।
উপস্থিত অতিথিবৃন্দ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোহাম্মদ আলী, জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য
এনামুল করিম হেলাল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক
মশিউর রহমান জুনায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য
মতিউর রহমান, সেলিম জায়গীরদার, মদরিছ মিয়া, মবসুর আলী
সমাজসেবক হুসাইন আহমেদ বিপ্লব ও আবুল কালাম প্রমুখ
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমা নজীর।
তিনি বলেন,
“আমাদের হাওরের বেড়িবাঁধ নিয়ে অনেক কথা হয়, কিন্তু সেখানে অনিয়মের শেষ নেই। বিএনপি ক্ষমতায় গেলে বেড়িবাঁধের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে এবং প্রকৃত কৃষকদেরকেই পিআইসির দায়িত্ব দেওয়া হবে, যাতে তারা সময়মতো ধান ঘরে তুলতে পারেন।”
তিনি আরও বলেন,
“ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফায় নারীদের ফ্যামিলি কার্ড প্রদানের কথা বলা হয়েছে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।”
দুর্নীতিবাজদের প্রতি হুঁশিয়ারি দিয়ে সালমা নজীর বলেন,
“দুর্নীতিবাজরা মানুষকে শোষণ করে, তারা কোনো দলে থাকার যোগ্য নয়। তারেক রহমান বলেছেন, বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি বা দখলদারিত্বের স্থান থাকবে না।”
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু নির্বাচন পিছিয়ে দিলে দেশে অরাজকতা তৈরি হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। তাই আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে।”
সেমিনারে বক্তারা বিএনপি ঘোষিত ৩১ দফার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তৃণমূল পর্যায়ে তা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।