জাতীয় সংসদ নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসে হাইকোর্টের রুল জারি
দৈনিক মানব বার্তা
পাবনা প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনী এলাকা ৬৮ (পাবনা-১) ও ৬৯ (পাবনা-২) আসনের অযৌক্তিক পুনর্বিন্যাসের বিরুদ্ধে দায়ের করা রিটের শুনানি শেষে আজ মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন।
এর আগে, নির্বাচন কমিশনের পুনর্বিন্যাসে অসন্তোষ প্রকাশ করে ক্ষুব্ধ তিন উপজেলার জনগণের পক্ষ থেকে রিট পিটিশন দাখিল করা হয়। রিটের শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন কেন এই আসন পুনর্বিন্যাসকে অবৈধ ঘোষণা করা হবে না।
রিট পিটিশনটি দাখিল করেন বেড়া পৌর এলাকার বাসিন্দা ও হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাদাত। তাঁর সঙ্গে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আল আমিন এবং অ্যাডভোকেট সরকার রাশেদুল ইসলাম।
তিন আইনজীবীর সম্মিলিত প্রচেষ্টায় রিটটি দাখিলের পর আদালতে শুনানির সময় তারা যুক্তি তুলে ধরেন যে, নির্বাচন কমিশনের এই আসন পুনর্বিন্যাসটি সংবিধান ও গণতান্ত্রিক প্রতিনিধিত্বের মূলনীতির পরিপন্থী। শুনানি শেষে আদালত তাদের যুক্তিতে সন্তুষ্ট হয়ে রুল জারি করেন।
স্থানীয় রাজনৈতিক ও সাধারণ জনগণ এ আদেশকে গণতন্ত্র ও ন্যায্য প্রতিনিধিত্বের পক্ষে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তারা আশা করছেন, ভবিষ্যতে নির্বাচন কমিশন জনগণের মতামত ও বাস্তব অবস্থার ভিত্তিতে সুষ্ঠু ও যুক্তিসঙ্গত আসন বিন্যাস করবে।